ইরানের সঙ্গে সংলাপে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স
মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ রোববার (১৯ এপ্রিল) হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভ্যান্সের পাকিস্তান যাওয়ার বিষয়ে ভিন্ন কথা বলেছিলেন।
হোয়াইট হাউস জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার এই সংলাপে অংশ নেবেন। উল্লেখ্য, এই তিন সদস্যের প্রতিনিধি দলই গত ১১ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে অংশ নিয়েছিল, যা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হয়।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, এবারের আলোচনার ফলাফল ‘অত্যন্ত সুদূরপ্রসারী’ হতে পারে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আগামী বুধবারের (২২ এপ্রিল) মধ্যে যদি কোনো সমঝোতা না হয়, তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও প্রতিটি সেতু ধ্বংস করে দেবে। ট্রাম্পের ভাষায়, আর কোনো উদারতা নয় (নো মোর মিস্টার নাইস গাই)! গত ৪৭ বছরে যা করা উচিৎ ছিল, এবার তা করার সময় এসেছে।
গত শুক্রবার (১৭ এপ্রিল) ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেও শনিবার তা পুনরায় বন্ধ করে দেয়। ব্রিটিশ নৌ-নিরাপত্তা সংস্থার তথ্যমতে, শনিবার আইআরজিসি একটি তেলের ট্যাঙ্কারে গুলি চালিয়েছে।
এছাড়া ভ্যানগার্ড টেক নামক একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উপসাগর ছেড়ে পালানোর সময় একটি খালি প্রমোদতরীকে ধ্বংস করার হুমকি দিয়েছে ইরানি বাহিনী। অন্য একটি ঘটনায় একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আক্রান্ত হয়েছে।
আগামী বুধবার দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তার আগেই ইসলামাবাদের এই বৈঠকই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত এড়ানোর শেষ সুযোগ বলে মনে করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক