মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক বিমানের আনাগোনা
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অধিকাংশ ক্ষেত্রেই পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান এই মিশনে অংশ নিচ্ছে।
ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ ফ্লাইটরাডার২৪-এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২ মে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। খবর আনাদোলুর।
সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সি-১৭এ গ্লোবমাস্টার ৩, যা একসঙ্গে প্রায় ৭৭ টন মালামাল ও প্রায় ১০০ জন সেনা বহন করতে সক্ষম।
এছাড়া লকহিড সি-৫এম সুপার গ্যালাক্সি এবং বোয়িং কেসি-৪৬ পেগাসাসের মতো ভারী পরিবহন ও রিফুয়েলিং বিমানও ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আকাশে চলাচল করতে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১২টি পরিবহন বিমান মধ্যপ্রাচ্যের পথে রয়েছে, যার কিছু জার্মানি থেকে ছেড়েছে।
একই সঙ্গে বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার রিফুয়েলিং বিমানও অঞ্চলটিতে সক্রিয় রয়েছে। অন্তত চারটি বিমান ইসরায়েল ও আশপাশের এলাকায় কার্যক্রম চালাচ্ছে।
এদিকে, একটি মার্কিন গোয়েন্দা নজরদারি বিমান বোয়িং আরসি-১৩৫ডাব্লিউ রিভেট জয়েন্টকে বাহরাইনের আকাশসীমার কাছাকাছি দেখা গেছে।
কিছু বিমান সরাসরি যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে গেলেও তাদের গন্তব্য এখনও নিশ্চিত করা যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান উপসাগরীয় মিত্র দেশগুলোতে হামলা চালায় এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করে।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হলেও স্থায়ী সমাধান হয়নি। ফলে অঞ্চলজুড়ে সামরিক তৎপরতা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক