যুক্তরাষ্ট্রের ‘ভুল হামলায়’ হরমুজ প্রণালিতে নিহত ৫
হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর ‘বিপজ্জনক ও ভুল’ অভিযানে ৫ ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গতকাল সোমবার (৪ মে) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছয়টি ইরানি ‘ফাস্ট বোট’ ধ্বংস করার দাবি করা হলেও তেহরানের বলছে— সেগুলো কোনো সামরিক যান ছিল না, বরং সাধারণ পণ্য ও যাত্রী বহনকারী বেসামরিক নৌকা ছিল।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে ইরানি উপকূলের দিকে আসার সময় দুটি ছোট কার্গো নৌকার ওপর হামলা চালায় মার্কিন বাহিনী। তদন্তের পর তেহরান নিশ্চিত করেছে, আক্রান্ত নৌকাগুলোর সঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কোনো সম্পৃক্ততা ছিল না।
ইরানি সামরিক কর্মকর্তা এই অভিযানকে যুক্তরাষ্ট্রের ‘হঠকারী ও আনাড়ি আচরণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, শত্রুপক্ষ আইআরজিসির ফাস্ট বোট অপারেশন নিয়ে এতটাই আতঙ্কিত যে, তারা এখন সাধারণ বেসামরিক নৌকাকেও সামরিক লক্ষ্যবস্তু ভেবে ভুল করছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে ভিন্ন তথ্য। তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় সচল করার সময় ছয়টি ইরানি ফাস্ট বোট বাধার সৃষ্টি করছিল। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সি হক’ ও ‘অ্যাপাচি’ অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে সেই নৌকাগুলো ধ্বংস করা হয়েছে। সূত্র : আলজাজিরা।

এনটিভি অনলাইন ডেস্ক