ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে কী আছে পেন্টাগনের গোপন নথিতে
আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) বা আকাশে রহস্যময় ও অচেনা বস্তুর আবির্ভাব নিয়ে আজ শুক্রবার (৮ মে) মার্কিন প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) তাদের বহুল আকাঙ্ক্ষিত গোপন নথিগুলো প্রকাশ করতে শুরু করেছে। এতে এমনকি ১৯৪০ সালে দেখা ইউএফও’র বিবরণও রয়েছে। এরফলে ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে মানুষের মনে যে জল্পনা-কল্পনা ছিল তা এক ভিন্ন মাত্রা পেয়েছে।
জানা গেছে, পেন্টাগন ছাড়াও এফবিআই, স্টেট ডিপার্টমেন্ট এবং নাসা-র এই নথিগুলোতে উড়ন্ত সসার, ডিস্ক এবং 'লর্ড অফ দ্য রিংস'-এর মতো উজ্জ্বল কমলা গোলক দেখতে পাওয়ার বিভিন্ন ঘটনার বর্ণনা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
প্রতিপক্ষ দেশগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তি পরীক্ষা করছে কি না—এমন উদ্বেগের মধ্যে অতিপ্রাকৃত মনে হওয়া মহাকাশযান নিয়ে মার্কিন সরকারের তদন্তের ফলে সাম্প্রতিক বছরগুলোতে ইউএফও নিয়ে আগ্রহ নতুন করে বেড়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে বলেছেন, ‘গোপনীয়তার আড়ালে লুকিয়ে থাকা এই নথিগুলো দীর্ঘকাল ধরে যৌক্তিক জল্পনাকে উস্কে দিয়েছে। এখন সময় এসেছে আমেরিকার মানুষ এগুলো নিজের চোখে দেখুক।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নথি প্রকাশকে স্বাগত জানিয়ে এক পোস্টে বলেছেন, ‘যেখানে আগের প্রশাসনগুলো এই বিষয়ে স্বচ্ছ হতে ব্যর্থ হয়েছে, সেখানে এই নতুন নথি ও ভিডিওর মাধ্যমে মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে যে, আসলে কী ঘটছে?’ প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে ১৬০টিরও বেশি ফাইল প্রকাশ করা হয়েছে, যেখানে তারা দাপ্তরিকভাবে ইউএফও-কে ‘আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা’ বা ইউএপি হিসেবে উল্লেখ করেছে।
১৯৪৭ সালের ডিসেম্বরের একটি ফাইলে ‘উড়ন্ত ডিস্ক’ সংক্রান্ত ধারাবাহিক প্রতিবেদন রয়েছে। সেখানে একটি নথিতে বলা হয়েছে, ‘পর্যবেক্ষকদের কাছ থেকে এই ঘটনা নিয়ে ধারাবাহিক ও সাম্প্রতিক প্রতিবেদনগুলো এয়ার মেটেরিয়াল কমান্ডের সদর দপ্তরের জন্য এখনও উদ্বেগের বিষয়।’ পরের বছর নভেম্বরের একটি টপ সিক্রেট চিহ্নিত বিমান বাহিনীর গোয়েন্দা প্রতিবেদনে ‘অজ্ঞাত বিমান’ এবং ‘উড়ন্ত সসার’ দেখার তথ্য রয়েছে।
সবচেয়ে আকর্ষক প্রতিবেদন
অন্য একটি ফাইলে সাতজন সরকারি কর্মচারীর জবানবন্দি সংক্ষেপিত করা হয়েছে, যারা ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আলাদাভাবে বেশ কিছু অজ্ঞাত রহস্যময় ঘটনার কথা জানিয়েছিলেন। পেন্টাগনের অল-ডোমেইন অ্যানোমালি রেজোলিউশন অফিস (এএআরও) এই প্রতিবেদনটিকে তাদের সংগ্রহে থাকা অন্যতম ‘সবচেয়ে আকর্ষক’ প্রতিবেদন হিসেবে বর্ণনা করেছে। একটি ঘটনায়, কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার তিনটি দল স্বাধীনভাবে আকাশে ‘কমলা রঙের গোলক থেকে ছোট লাল রঙের গোলক নির্গত হওয়ার’ কথা বর্ণনা করেছে।
অন্য একটি ঘটনায়, দুজন বিশেষ এজেন্ট একটি পাথুরে চূড়ার কাছে একটি ‘উজ্জ্বল কমলা গোলক... স্থির হয়ে বসে থাকতে’ দেখেন। ওই বিবরণে একটি শৈল্পিক চিত্রও ছিল, যেখানে ওই গোলকের নিচের এক-তৃতীয়াংশ হলুদ রেখার মাধ্যমে তৈরি একটি লাল-কমলা বৃত্ত দেখানো হয়েছে। বস্তুটিকে বর্ণনা করা হয়েছে 'লর্ড অফ দ্য রিংস'-এর 'আই অফ সাওরন'-এর মতো, তবে মাঝখানে কোনো মণি ছিল না।
প্রচণ্ড জনস্বার্থের কথা মাথায় রেখে প্রেসিডেন্ট ট্রাম্প গত ফেব্রুয়ারিতে ইউএফও এবং ভিনগ্রহী সংক্রান্ত সরকারি নথি শনাক্ত ও প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তিনি একই দিনে দাবি করেছিলেন যে, তাঁর পূর্বসূরি বারাক ওবামা একটি পডকাস্টে ভিনগ্রহী প্রাণ সম্পর্কে গোপন তথ্য ফাঁস করেছেন। ওই পডকাস্টে বারাত ওবামা উপস্থাপক ব্রায়ান টাইলার কোহেনকে বলেছিলেন, ‘এগুলো বাস্তব, তবে আমি তাদের দেখিনি এবং তাদের এরিয়া ৫১-এ রাখা হয়নি।’ ট্রাম্প তখন সাংবাদিকদের বলেছিলেন, ওবামা গোপনীয় তথ্য দিয়েছেন যা তাঁর করার কথা নয়, যদিও নিজের বিশ্বাসের ব্যাপারে ট্রাম্প বলেছিলেন, ‘আমি জানি না এগুলো সত্যি কি না।’
পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণের অস্তিত্বের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ২০২৪ সালের মার্চ মাসে পেন্টাগন একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছিল যে, ইউএপি ভিনগ্রহী প্রযুক্তি হওয়ার কোনো প্রমাণ তাদের কাছে নেই; অনেক রহস্যময় ঘটনার পেছনে আবহাওয়া বেলুন, গোয়েন্দা বিমান বা কৃত্রিম উপগ্রহের মতো সাধারণ কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক