মেক্সিকোতে গোপন অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র
মেক্সিকোর মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে গোপন অভিযান জোরদার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থাটি এখন সরাসরি প্রাণঘাতী হামলায় অংশ নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সিআইএর অভিজাত ‘গ্রাউন্ড ব্রাঞ্চ’ ইউনিট মেক্সিকোর ভেতরে একাধিক গোপন অভিযানে অংশ নিয়েছে। এর মধ্যে গত ২৮ মার্চ মেক্সিকো সিটির বাইরে একটি মহাসড়কে গাড়িবোমা হামলায় সিনালোয়া কার্টেলের মধ্যম পর্যায়ের সদস্য ফ্রান্সিসকো ‘এল পায়িন’ বেলত্রান এবং তার চালক নিহত হন। খবর আনাদোলুর।
বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে সিএনএন জানায়, সাম্প্রতিক সময়ে এসব অভিযানের প্রাণঘাতী মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
একটি সূত্র বলেছে, তাদের অভিযানের প্রাণঘাতী সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। মেক্সিকোর ভেতরে সিআইএ আগে যা করছিল, এটি তার তুলনায় বড় ধরনের সম্প্রসারণ।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনালোয়া ও জালিসকোসহ বড় কয়েকটি মেক্সিকান কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পর এই অভিযান আরও বিস্তৃত করা হয়।
তবে মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমর হামিদ গার্সিয়া হারফুচ এক্সে দেওয়া পোস্টে বিদেশি সংস্থার একতরফা প্রাণঘাতী অভিযানের দাবি প্রত্যাখ্যান করেছেন।
হারফুচ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সহযোগিতা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে এবং মেক্সিকোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে পরিচালিত হয়।
তার ভাষায়, মেক্সিকোর ভেতরে সব ধরনের অভিযান শুধুমাত্র মেক্সিকান কর্তৃপক্ষ পরিচালনা করে। দুই দেশের সহযোগিতা মূলত গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বয় ও সরকারি তত্ত্বাবধানে আনুষ্ঠানিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ।
সিএনএন জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য করতে সিআইএ রাজি হয়নি। একইভাবে মেক্সিকোর সংশ্লিষ্ট সংস্থাগুলোও কোনো প্রতিক্রিয়া দেয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক