এক সপ্তাহে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়াল ভারত
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চড়া মূল্যের কারণে লোকসান পুষিয়ে নিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে ভারত। আজ মঙ্গলবার (১৯ মে) দেশটির রাজধানী দিল্লির জ্বালানি খুচরা বিক্রেতারা প্রতি লিটারে প্রায় শূন্য দশমিক ৯ রুপি দাম বাড়ানোর কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
ডিলারদের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মূল্যবৃদ্ধির পর দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৭ দশমিক ৭৭ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬৪ রুপিতে। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম ৯০ দশমিক ৬৭ রুপি থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৯১ দশমিক ৫৮ রুপি। এর আগে গত শুক্রবার (১৫ মে) চার বছরের মধ্যে প্রথমবারের মতো এক ধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ রুপি বাড়িয়েছিল ভারত সরকার।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সঙ্গে শুরু হওয়া যুদ্ধের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হয়। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়িয়ে যায়, যা বর্তমানে সামান্য হ্রাস পেয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ হওয়া সত্ত্বেও ভারতই শেষ প্রধান অর্থনৈতিক দেশ, যারা এত দেরিতে খুচরা জ্বালানির দাম বাড়াল।
ভারতে জ্বালানি তেলের বাজার মূলত তিনটি রাষ্ট্রায়ত্ত কোম্পানির নিয়ন্ত্রণে। ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন (এইচপিসিএল) ও ভারত পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসিএল) যৌথভাবে দেশটির ১ লাখ ৩ হাজার জ্বালানি স্টেশনের ৯০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। লোকসান কমাতে এই তিন কোম্পানি সাধারণত একযোগেই তেলের দাম নির্ধারণ করে থাকে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ লাইনে সংকট অব্যাহত থাকলে ভারতের বাজারে জ্বালানি তেলের দাম আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে, যা দেশটির সামগ্রিক মূল্যস্ফীতিকে উসকে দেবে।

এনটিভি অনলাইন ডেস্ক