মুদ্রাস্ফীতির শঙ্কায় বাড়ল স্বর্ণের দাম
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি শান্তি চুক্তির আশা তৈরি হওয়ায় বিশ্ববাজারে ডলার ও তেলের দাম কমেছে। এর ফলে মুদ্রাস্ফীতি ও দীর্ঘমেয়াদে উচ্চ সুদের হারের আশঙ্কা কমায় আজ সোমবার (২৫ মে) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে চার হাজার ৫৭৪.১৭ ডলারে দাঁড়িয়েছে।
গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে দুই দেশ একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করেছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরান এখনই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে, তবুও বাজার এই নিয়ে বেশ আশাবাদী। দীর্ঘ তিন মাস ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে হলে এখনো বেশ কিছু জটিল বিষয়ের সমাধান করতে হবে, যা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে।
শান্তির এই আভাসের পর বিশ্ব শেয়ারবাজার চাঙ্গা হলেও অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নেমে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ডলারের দামও গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি অবস্থান করছে।
সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ‘বর্তমানে বিশ্ববাজারের আর্থিক সম্পদগুলো তেলের দাম দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে এবং স্বর্ণের বাজারও এর ব্যতিক্রম নয়।’ তিনি আরও যোগ করেন, ‘তেলের দাম কমলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর পথ সহজ হবে—এমন প্রত্যাশাতেই মূলত স্বর্ণের দাম বাড়ছে। অদূর ভবিষ্যতে এই প্রবণতা বজায় থাকতে পারে।’
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১৪ শতাংশ কমেছে। এর মূল কারণ ছিল জ্বালানি তেলের চড়া দাম, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিয়েছিল ও যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছিল।
ব্যবসায়ীরা এখন ধারণা করছেন, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ কর্তৃক মার্কিন সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর ৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে। অর্থনীতিবিদরা এই বছর দুইবার সুদের হার কমানোর পূর্বাভাস দিয়েছিলেন।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ বিশ্ববাজারে উল্লেখযোগ্য হারে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে আজ স্পট সিলভার বা রুপার দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৮.২৩ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে এক হাজার ৯৬৯.১২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে এক হাজার ৩৯৩.৭৮ ডলারে পৌঁছেছে।

এনটিভি অনলাইন ডেস্ক