উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ব্যর্থ হয়েছে : পেজেশকিয়ান
উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি ইরানের সামরিক কমান্ডারদের দেশের প্রতিরক্ষা কাঠামো আধুনিকীকরণ ও সংস্কার করার আহ্বান জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।
সামরিক কমান্ডারদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক দেশগুলো এখন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ‘তাদের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে’।
পেজেশকিয়ান আরও বলেন, নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা একটি অবাস্তব ও অকার্যকর ধারণা।
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের তাগিদ দিয়ে পেজেশকিয়ান সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, ‘শত্রু পক্ষ বর্তমানে নতুন নতুন প্রযুক্তি ও সরঞ্জাম অর্জন করেছে।’ তাই শত্রুর মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে অবশ্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বৈজ্ঞানিক কেন্দ্র ও জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে হবে, যাতে এর মাধ্যমে ‘প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি’ করা সম্ভব হয়।
বক্তব্যের শেষ পর্যায়ে পেজেশকিয়ান সামরিক বাহিনীকে তাদের ‘পেশাগত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধতা ও রাজনৈতিক ও দলীয় বিষয় এড়িয়ে চলার’ জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে সামরিক বাহিনীর এই পেশাদার ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি দেশ এবং দেশের সামগ্রিক ব্যবস্থার জন্য একটি অত্যন্ত মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়।’

এনটিভি অনলাইন ডেস্ক