রোমানিয়ায় রুশ ড্রোন বিধ্বস্ত, ক্ষুব্ধ ন্যাটো জোট
ইউক্রেনকে লক্ষ্য করে ছোড়া রাশিয়ার ড্রোন রোমানিয়ার একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাটো জোট ও ইউরোপীয় নেতারা। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।
রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার (২৯ মে) এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ন্যাটোর পূর্ব সীমান্তে এ ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে, যা রাশিয়া ও ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে বলে বিশ্লেষকদের মত। খবর আল জাজিরার।
রোমানিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে ইউক্রেনের ওপর চালানো রুশ হামলার সময় একটি ড্রোন দেশটির আকাশসীমায় প্রবেশ করে। পরে সেটি পূর্বাঞ্চলীয় গালাতি শহরের একটি আবাসিক ভবনের ছাদে আঘাত হানে।
ঘটনার পরপরই রোমানিয়া দুটি এফ-১৬ যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার মোতায়েন করে। স্থানীয় বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতাও জারি করা হয়। ড্রোন বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে গেলে কয়েকজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
রোমানিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী ইলি বোলোজান জানিয়েছেন, দেশটি দ্রুত ইউরোপীয় ইউনিয়নের এসএএফই কর্মসূচির আওতায় অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের চুক্তি সই করবে।
এ ঘটনার জেরে শুক্রবার সকালে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুখারেস্ট।
রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওআনা তোইউ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, রাশিয়ার এই দায়িত্বহীন আচরণের ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কী ধরনের প্রভাব পড়বে এবং ইউরোপীয় পর্যায়ে কী নতুন নিষেধাজ্ঞা আসতে পারে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
দেশটির প্রেসিডেন্ট নিকুসর দান বলেছেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের যুদ্ধ রোমানিয়ার নাগরিকদের জীবনে ছড়িয়ে পড়তে দেওয়া হবে না।
ফ্রান্স, পোল্যান্ডসহ ন্যাটোর বিভিন্ন সদস্য রাষ্ট্রও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন, ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—রাশিয়া এখনও বিপজ্জনক এবং আমাদের নিজেদের রক্ষা করতে হবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরেকটি বিপজ্জনক সীমা অতিক্রম করেছে।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, রাশিয়ার বেপরোয়া আচরণ সবার জন্য হুমকি। ন্যাটো তার প্রতিটি ভূখণ্ড রক্ষা করবে।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এর ‘অজানা ও অনাকাঙ্ক্ষিত পরিণতি’ হতে পারে।
ইউক্রেন জানিয়েছে, শুক্রবার রাতে রাশিয়া ২৩২টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২১৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

এনটিভি অনলাইন ডেস্ক