প্রথমবারের মত ড্রোনের সাহায্যে বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলট উদ্ধার করল যুক্তরাষ্ট্র
সমুদ্রবক্ষে অভিনব ও ঐতিহাসিক উদ্ধার অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী। মধ্যপ্রাচ্যের ওমান উপকূলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইতিহাসে প্রথমবারের মতো কোনো মনুষ্যবিহীন চালকহীন যুদ্ধজাহাজ বা ‘সী ড্রোন‘ ব্যবহার করে সাগরে ভাসমান পাইলটদের জীবিত উদ্ধার করা হয়েছে। সামরিক ইতিহাসে ড্রোনের সাহায্যে নিখোঁজ বা বিপদে পড়া সেনা সদস্যদের উদ্ধার করার এমন ঘটনা এটাই প্রথম। খবর রয়টার্সের।
মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, গত সোমবার ওমান উপকূলে আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত টহল দেওয়ার সময় মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়। ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে মার্কিন নৌবাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশেষ ইউনিট ‘টাস্ক ফোর্স ৫৯’। নিখোঁজ হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে একটি স্বয়ংক্রিয় ড্রোন বোট ঘটনাস্থলে পৌঁছে সাগরে ভাসমান দুই ক্রু সদস্যকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
নৌবাহিনী জানিয়েছে, এই ঐতিহাসিক উদ্ধার অভিযানে অংশ নেওয়া চালকহীন যানটি ছিল একটি ‘সারোনিক করয়ার’। টেক্সাস-ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি এই ড্রোন বোটটি মূলত ২৪ ফুট (৭.৩ মিটার) দীর্ঘ একটি স্বয়ংক্রিয় সারফেস ভেসেল)।
এতে থাকা সর্বাধুনিক ৩৬০-ডিগ্রি সেন্সিং প্রযুক্তি দিন ও রাতের যেকোনো পরিস্থিতিতে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু বা মানুষ শনাক্ত করতে পারে। ড্রোনটি প্রথমে স্বয়ংক্রিয়ভাবে দুই পাইলটকে উদ্ধার করে পানির ওপর একটি নিরাপদ স্থানে নিয়ে আসে। পরবর্তীতে সেখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে তাদের চূড়ান্তভাবে মূল ঘাঁটিতে ফিরিয়ে আনা হয়।
সাধারণত এই সী ড্রোনগুলো সাগরে শত্রুর ওপর নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মাইন সনাক্তকরণের কাজে ব্যবহার করা হতো। তবে এই প্রথম কোনো উচ্চ ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে এর সফল ব্যবহার করা হলো, যা ভবিষ্যতে মার্কিন সেনাদের জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখবে। পেন্টাগন জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর পরিধি বাড়াতে এবং যেকোনো হুমকির দ্রুত জবাব দিতে তারা এই স্বয়ংক্রিয় নৌযানগুলোতে বিপুল বিনিয়োগ করছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইতোমধ্যেই সী ড্রোনের মাধ্যমে বড় যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার নজির দেখা গেলেও, উদ্ধার অভিযানে ড্রোনের এমন অভাবনীয় সাফল্য বিশ্ব সামরিক কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

এনটিভি অনলাইন ডেস্ক