ডলার শক্তিশালী হওয়ায় কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে শক্তিশালী ডলার ও মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর আর্থিক নীতির সংকেতের কারণে বৃহস্পতিবার (১৮ জুন) স্বর্ণের দাম কমেছে। সুদের হার না কমায় ও ডলারের মান বাড়ায় অ-ফলনশীল এই ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কিছুটা কমেছে। খবর রয়টার্সের।
বুধবার (১৭ জুন) এক দশমিক সাত শতাংশ পতনের পর, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক তিন শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ২৪৫ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া মার্কিন গোল্ড ফিউচার দুই দশমিক ছয় শতাংশ কমে চার হাজার ২৬৫ দশমিক ৫০ ডলারে নেমেছে।
মার্কিন ডলার সূচক শূন্য দশমিক সাত শতাংশ শক্তিশালী হয়েছে। ডলারের মান বেড়ে যাওয়ার কারণে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলার-মূল্যায়িত এই মূল্যবান ধাতু ক্রয় করা আরও বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান জানান, কঠোর নীতির কারণে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে স্পট গোল্ডের দাম পাঁচ হাজার ডলারের স্তর পুনরুদ্ধার করার পরিবর্তে চার হাজার ডলারের নিচে নেমে যাওয়ার প্রবণতা বেশি। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া প্রকাশের পর বাজারের মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকেও রয়েছে। তবে ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান প্রতিশ্রুতি না রাখলে পুনরায় হামলা চালানো হবে।
স্বর্ণের পাশাপাশি স্পট রুপার দাম এক শতাংশ কমে প্রতি আউন্স ৬৭ দশমিক ২৯ ডলারে, প্ল্যাটিনামের দাম দুই দশমিক এক শতাংশ কমে এক হাজার ৭০১ দশমিক ০২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম দুই দশমিক ছয় শতাংশ কমে এক হাজার ২৭৭ দশমিক ৭৯ ডলারে নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদক