তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইতালি, ১৫ শহরে ‘লাল সতর্কতা’ জারি
ইউরোপের দেশ ইতালিতে শুরু হয়েছে তীব্র ও অসহনীয় তাপপ্রবাহ। প্রচণ্ড গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার (২৩ জুন) রাজধানী রোম এবং প্রধান বাণিজ্যিক শহর মিলানসহ দেশের গুরুত্বপূর্ণ ১৫টি শহরে সর্বোচ্চ ‘লাল সতর্কতা’ (রেড অ্যালার্ট) জারি করেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান আবহাওয়ার পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এবং আগামীকাল বুধবার লাল সতর্কতা জারি করা শহরের সংখ্যা বেড়ে ১৬টিতে পৌঁছাতে পারে। ইতালিতে এই ‘লাল সতর্কতা’কে আবহাওয়ার সর্বোচ্চ মাত্রার চরম ও বিপজ্জনক পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়।
রোম থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলমান এই তীব্র দাবদাহ থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ জরুরি নির্দেশনা ও স্বাস্থ্য পরামর্শ জারি করা হয়েছে। এই নির্দেশনায় মন্ত্রণালয় জনগণকে এই তীব্র গরমে ভারী খাবার পরিহার করে হালকা ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি দিনের সবচেয়ে উত্তপ্ত ও গরম সময়ে (বিশেষ করে দুপুরে) অপ্রয়োজনে ঘরের বাইরে না গিয়ে ঘরের ভেতরে অবস্থান করতে এবং শরীর সতেজ রাখতে বারবার ঠান্ডা পানি ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, বয়োবৃদ্ধ এবং আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন—এমন ব্যক্তিদের এই চরম আবহায়ায় বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)