দোহায় আগামীকাল ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক : ট্রাম্প
তেহরানের বিশেষ অনুরোধে আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের মধ্যে একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। এটি আগামীকাল দোহায় অনুষ্ঠিত হবে।’
গত সপ্তাহে দুই দেশের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি এবং বৈশ্বিক তেল পরিবহন স্বাভাবিক করার লক্ষ্যেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এদিকে বিশ্ববাজারে আজ সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচারস ব্যারেলপ্রতি ৭৩ ডলারে এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্যারেলপ্রতি ৬৯ ডলারে লেনদেন হয়েছে। এটি সাম্প্রতিক যুদ্ধাবস্থার আগের মূল্যের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম। তেলের দাম ও গ্যাসের দাম দ্রুত কমায় নিজের কৃতিত্ব দাবি করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ শুরুর আগের দামের চেয়েও এটি এখন কম।’ একই সঙ্গে তিনি নিজের ক্রমবর্ধমান জনসমর্থন বা জনপ্রিয়তার গ্রাফও তুলে ধরেন।
হরমুজ প্রণালি নিয়ে দ্বন্দ্বের অবসান
সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার পর আন্তর্জাতিক গণমাধ্যম (অ্যাক্সিওস) জানিয়েছে, মার্কিন ও ইরানি কর্মকর্তারা আপাতত একে অপরের ওপর সামরিক হামলা বা ‘কাইনেটিক অ্যাক্টিভিটি’ বন্ধ করতে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলের ট্যাংকারগুলোর অবাধ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছেন। মঙ্গলবারের দোহা বৈঠকে মূলত এই চুক্তিকে আরও স্থায়ী করার বিষয়ে কারিগরি আলোচনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকের বিষয়টি জোর দিয়ে নিশ্চিত করলেও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি দাবি করেছেন, এই সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের কোনো পরিকল্পিত বৈঠক নেই।
তবে কূটনীতিকদের ধারণা, কৌশলগত কারণে ইরান এই বৈঠকের কথা সরাসরি স্বীকার করছে না।

এনটিভি অনলাইন ডেস্ক