জোর করে ফ্ল্যাটে ঢুকে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে
ভারতের বেঙ্গালুরুতে এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে ঘরে ঢুকে তরুণীকে শ্লীলতাহানি ও হেনস্তার অভিযোগ উঠেছে। ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টের ওই ডেলিভারি বয় পার্সেল পৌঁছে দেওয়ার অজুহাতে তরুণীর ফ্ল্যাটে প্রবেশ করে এই কাণ্ড ঘটায়। ভুক্তভোগী নারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করার পর বেঙ্গালুরু পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার পরপরই ফ্লিপকার্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে অভিযুক্ত ডেলিভারি বয়কে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার কথা ঘোষণা দিয়েছে। খবর এনডিটিভির।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ওই ডেলিভারি বয় ফ্ল্যাটে পার্সেল দিতে এসে জরুরি ভিত্তিতে টয়লেট ব্যবহারের অনুমতি চায়। কিন্তু নিরাপত্তাজনিত কারণে অপরিচিত কাউকে ঘরে ঢুকতে দিতে অস্বীকৃতি জানান ওই নারী। বারবার নিষেধ করার পরও জুতো খুলে ওই ব্যক্তি জোরপূর্বক তার ঘরে ঢুকে পড়ে। এরপর ওয়াশরুম থেকে বের হওয়ার সময় ওই ব্যক্তি তরুণীর সঙ্গে বিকৃত আচরণ শুরু করে।
আরও পড়ুন : চলছে বুধ গ্রহের বক্রগতি, এ সময় প্রাক্তনের ফিরে আসার ঘটনা কি সত্যি?
এই ঘটনায় চরম অপমানিত বোধ করার পাশাপাশি নিজের ঘরেই নিজেকে সম্পূর্ণ অরক্ষিত মনে হচ্ছিল বলে জানান ভুক্তভোগী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন নারী যখন স্পষ্ট ‘না’ বলেছেন, কথা সেখানেই শেষ হওয়া উচিত ছিল। সীমানা লঙ্ঘন করার অধিকার কারও নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর এই পোস্টটি বেঙ্গালুরু পুলিশের নজরে আসার পর তারা দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করে। নারীর আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যেই অভিযুক্ত ডেলিভারি বয় বিজয় মল্লিকার্জুন কামাতকে গ্রেপ্তার করেছে।
এদিকে তীব্র সমালোচনার মুখে পড়ে ফ্লিপকার্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকদের নিরাপত্তা নিয়ে তারা কোনো আপস করে না। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ডেলিভারি পার্টনারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সমস্ত কর্মীর ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করার পরও এমন ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে কোম্পানির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

এনটিভি অনলাইন ডেস্ক