আমরা চুক্তির খুব কাছাকাছি ছিলাম, এরপরই ড্রোন হামলা : ট্রাম্প
ওমান সাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক ড্রোন হামলার কড়া জবাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (১১ জুলাই) রাতে ইরানি সামরিক স্থাপনার ওপর অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ রোববার (১২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু নিয়ে আয়োজিত এই সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইরানের সঙ্গে ভেস্তে যাওয়া গোপন চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, আমরা গত রাতে তাদের ওপর অত্যন্ত জোরালো আঘাত হেনেছি। তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের ঠিক কোন কোন লক্ষ্যবস্তুতে বা কী ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিবরণ তিনি প্রকাশ করেননি।
ট্রাম্প আরও বলেন, ‘তারা (ইরানি পক্ষ) আমাদের সব শর্ত মেনে নিয়ে সবকিছু ছেড়ে দিতে রাজি হয়েছিল। কিন্তু তার ঠিক দুই ঘণ্টা পরই হুট করে তারা একটি জাহাজে ড্রোন দিয়ে আঘাত করল। এই মানুষগুলোর মগজে আসলেই কোনো সমস্যা আছে।’

এনটিভি অনলাইন ডেস্ক