বাড়ছে ডলার ও তেলের দাম, স্বর্ণের বাজারে বড় পতন
মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভারি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়লেও, বড় ধরনের দরপতন ঘটেছে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত স্বর্ণের দামে। খবর রয়টার্সের।
মূলত মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা দীর্ঘ সময়ের জন্য সুদের হার উচ্চ রাখার ধারণাকে জোরদার করায় সোমবার (১৩ জুলাই) টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে।
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১.৪ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৬১ দশমিক ৬৪ ডলারে নেমে আসে। বিশ্লেষকদের মতে, উচ্চ সুদের হার অ-ফলনশীল এই মূল্যবান ধাতু ধরে রাখার সুযোগ ব্যয় বাড়িয়ে দেওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানি বাহিনী একে অপরের ওপর ভারি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই যুদ্ধংদেহী পরিস্থিতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে ৩ শতাংশের বেশি বেড়েছে।
স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত মুদ্রাস্ফীতি এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আরও কঠোর নীতিমালার ঝুঁকি নিয়ে উদ্বেগ পুনরায় জাগিয়ে তুলেছে। এটি বন্ডের উচ্চ ফলন ও শক্তিশালী ডলারের মাধ্যমে স্বর্ণের বাজারে অতিরিক্ত প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে। তিনি আরও জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় কম তারল্যের কারণে স্বর্ণের দাম বর্তমান তিন হাজার ৯০০ থেকে চার হাজার ২০০ ডলারের স্থিতিশীল পরিসরের বাইরে চলে যেতে পারে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য সংকটে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কায় ব্যবসায়ীরা আগামী সেপ্টেম্বরে মার্কিন ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৬৯ শতাংশ ধরে নিচ্ছেন, যা গত সপ্তাহেও ছিল ৬৩ শতাংশ।
স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও নিম্নমুখী। স্পট রুপার দাম ২.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮.৪১৮১ ডলারে নেমে এসেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০.৫ শতাংশ কমে এক হাজার ৬১৯.৯৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ কমে এক হাজার ২৬৬.১০ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক