আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক
পূর্ব আফগানিস্তানে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সোমবারের (২০ জুলাই) এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৮০ জন অধিবাসী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তালেবান সরকার। খবর বিবিসির।
তালেবান কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই বন্যায় ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে বহু ঘরবাড়ি, দোকানপাট ও সরকারি ভবন সম্পূর্ণ ধ্বংস হতে দেখা গেছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘শপুল’র প্রধান আশিকুল্লাহ সাফি জানান, বানের জলে পারুন পৌরসভার সম্পূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ভারি যন্ত্রপাতি না থাকায় স্থানীয় বাসিন্দারা খালি হাতেই ধ্বংসস্তূপ সরাতে বাধ্য হচ্ছেন। বনের গাছ কেটে ফেলা ও অবৈধ কাঠ কাটার কারণে এই অঞ্চলে বন্যার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।
তালেবান আবহাওয়া অধিদপ্তর বুধবার পর্যন্ত দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ১০টি প্রদেশে ভারি বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস দিয়ে বাসিন্দাদের নদী তীরবর্তী এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিক সংকটে থাকা আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। এর আগে গত এপ্রিলে দেশটির উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি ও বন্যায় তিন শতাধিক মানুষ নিহত হন।

এনটিভি অনলাইন ডেস্ক