স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও নিরাপদ বিনিয়োগের (সেফ-হ্যাভেন) চাঙ্গা চাহিদার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। একইসঙ্গে বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতার দিকে নজর রাখছেন এবং আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠক থেকে সুদের হারের ভবিষ্যৎ আভাস পাওয়ার অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্সের।
আজ বুধবার (২২ জুলাই) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ১১৫ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৭ জুলাইয়ের পর বাজারে সর্বোচ্চ মূল্য।
অ্যাক্টিভট্রেডসের সিনিয়র অ্যানালিস্ট রিকার্ডো ইভাঞ্জেলিস্টা বলেন, তেলের চড়া দামের কারণে মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ার যে উদ্বেগ ছিল, তা এখন স্বর্ণের নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং কূটনৈতিক সফলতার আশায় কেটে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা সফল হলে তেলের দাম কমবে। তিনি আরও জানান, তেলের বাজারের অস্থিরতায় স্বর্ণের দাম কিছুটা বাধা পেলেও, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স চার হাজার ডলারের স্তরটি বর্তমানে স্বর্ণের দাম ধরে রাখতে শক্তিশালী ভিত্তি (টেকনিক্যাল সাপোর্ট) হিসেবে কাজ করছে।
আজ বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে সংকটের অবসান ঘটাতে আলোচনায় বসতে ইচ্ছুক, তবে তেহরান এ বিষয়ে এখনো আন্তরিক নয়।
এদিকে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে গতকাল মঙ্গলবার ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের হুমকির মুখে চীন ও ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া সৌদি আরবের তিনটি অপরিশোধিত জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার লোহিত সাগরে তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির আশঙ্কায় সুদের হার দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনায় স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ড থেকে কিছুটা কমেছিল। সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা হিসেবে দেখা হলেও উচ্চ সুদের হার এই অনুৎপাদনশীল ধাতুর আকর্ষণ কিছুটা কমিয়ে দেয়।
রয়টার্সের একটি জরিপ অনুযায়ী, মার্কিন ফেডারেল রিজার্ভ ২০২৬ সালের বাকি সময় জুড়ে তাদের মূল সুদের হার স্থিতিশীল রাখতে পারে। তবে বাজার বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের মার্চের শেষের মধ্যে দুই দফায় সুদের হার বৃদ্ধি পেতে পারে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখন আগামী সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বৃদ্ধির প্রায় ৬৮ শতাংশ সম্ভাবনা বিবেচনা করছেন।
স্বর্ণের দাম বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আজ অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে এক হাজার ৬৪৬ দশমিক ৬৩ ডলারে উঠেছে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে এক হাজার ৩০৫ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে।

এনটিভি অনলাইন ডেস্ক