বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, বাড়ল জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় আবারও কমেছে স্বর্ণের দাম। তেলের মূল্যবৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা জোরালো হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার বাড়াতে পারে-বিনিয়োগকারীদের ধারণায় আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দরপতন ঘটল। খবর রয়টার্সের।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের (খোলা বাজারে স্বর্ণ) দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯১.২৪ মার্কিন ডলারে নেমে এসেছে। অথচ এর আগের দিন বুধবার (২২ জুলাই) স্বর্ণের দাম বেড়েছিল প্রতি আউন্স ৪ হাজার ১৬৫.৮৭ ডলারে- যা ছিল গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ দর।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস জানান, বাজার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সহজে ৪ হাজার ডলারের নিচে নামবে না স্বর্ণের দাম। তবে ভূ-রাজনৈতিক সংঘাত বৃদ্ধি, তেলের বাড়তি দাম ও দীর্ঘমেয়াদে সুদের হার চড়া রাখার পূর্বাভাস আগামী দিনগুলোতে স্বর্ণের দাম আরও কমিয়ে ৩ হাজার ৯০০ ডলারের দিকে নিয়ে যেতে পারে।
নিকোস জাবুরাস আরও বলেন, আগামী সপ্তাহে ইউএস ফেডের নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখা হলেও মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি বজায় থাকবে, যা শেষ পর্যন্ত মুদ্রানীতি আরও কঠোর করার সম্ভাবনাকে সমর্থন করছে।
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম বৃদ্ধি পাওয়াতেই বাজারে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে। মূলত উচ্চ সুদের হারের সম্ভাবনা তৈরি হলে সুদমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বিনিয়োগকারীদের কাছে কমে যায়।
একই দিন বিশ্ববাজারের অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যেও পতন দেখা গেছে। রুপার দাম ১.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮.৮৫ ডলারে ঠেকেছে, প্লাটিনামের দাম ০.৯ শতাংশ কমে ১ হাজার ৬২৯.৬৩ ডলারে নেমেছে এবং প্যালাডিয়ামের দাম ১.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৭২.০৩ ডলারে।

এনটিভি অনলাইন ডেস্ক