বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত ও মূল্যস্ফীতি নিয়ে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ারশের বক্তব্যের অপেক্ষায় বিশ্ববাজারে স্বর্ণের দাম আপাতত স্থিতিশীল রয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) লেনদেনের শুরুতে স্বর্ণের দামে খুব একটা বড় পরিবর্তন দেখা যায়নি। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৮ মিনিট নাগাদ স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৪ হাজার ২৪.৫৪ ডলারে প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে আগামী আগস্টে সরবরাহের জন্য মার্কিন ফিউচার গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৩.৩০ ডলারে নেমেছে।
এর আগে গতকাল বাজারে ডলারের দর বৃদ্ধি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কায় স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে ৪ হাজার ৪২.২৯ ডলারে নেমেছিল।
মার্কেট বিশ্লেষকদের মতে, আজকের ফেড সভার সিদ্ধান্তের ওপর স্বর্ণের বাজার গভীরভাবে নির্ভরশীল। সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, আজকের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা ৬৮ শতাংশ এবং ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৩২ শতাংশ।
ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা ফেডের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।
এদিকে অন্যান্য কিমতি ধাতুর মধ্যে স্পট সিলভারের (রুপা) দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭.৪১ ডলারে দাঁড়িয়েছে। তবে প্লাটিনামের দাম ০.৯ শতাংশ কমে ১ হাজার ৫৯০.২৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.১ শতাংশ কমে ১ হাজার ২৫৫.৫০ ডলারে নেমেছে।

এনটিভি অনলাইন ডেস্ক