জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর আগে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আজ শুক্রবার (৩১ জুলাই) কুমামোতো প্রিফেকচারাল প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের পর থেকেই বাড়িঘর ও বিদ্যুৎ লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে এবং উদ্ধারকাজ চালাতে এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। একই সঙ্গে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং জরুরি সহায়তা কার্যক্রমও চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভূমিকম্পে এ পর্যন্ত আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। ভূমিকম্পের ফলে বহু ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ফেটে চৌচির হয়ে গেছে এবং সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটেছে।
নিহতদের প্রায় অর্ধেকই দুটি বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এর একটি ঘটে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কাগজ কারখানায়, যেখানে ভবনের ব্যাপক কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। অন্যটি ঘটে অ্যায়নের একটি শপিং মলে, যেখানে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক