তেলের দাম কমায় স্বর্ণের দাম বাড়ল
বিশ্ববাজারে মঙ্গলবার (৪ আগস্ট) স্বর্ণের দাম বেড়েছে। এর পেছনে মূল কারণ হলো জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়া। এতে মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনাও কমেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৭টা ২৯ মিনিটের দিকে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম ৪ হাজার ৭৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৪ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। এতে তেলের দামের বৃদ্ধি কিছুটা কমে আসে। তবে গুরুত্বপূর্ণ নৌপথে তেল সরবরাহ স্বাভাবিক হয়নি। মঙ্গলবার অপরিশোধিত জ্বালানি তেলের ফিউচার মূল্য ৪ শতাংশের বেশি কমে গেছে।
টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজির গ্লোবাল হেড বার্ট মেলেক বলেছেন, তেলের দাম কমা সম্ভবত স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তেলের দামের এ পতন নানাভাবে সুদের হারের পূর্বাভাসে প্রভাব ফেলেছে। এতে স্বল্পমেয়াদি সুদের হার কিছুটা কমেছে।
অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম ৫৯ দশমিক ৭ ডলার, প্ল্যাটিনামের দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৭১৯ দশমিক ৪৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৮ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক