হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার ইঙ্গিত ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের ধারাবাহিকতায় কৌশলগত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে সম্পূর্ণ পরাজিত করে শিগগিরই গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথটিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে ঘোষণার করার কথা বলেছেন। তবে ট্রাম্পের এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় রসিকতার ছলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানকে আমরা পুরোপুরি পরাজিত করার পর- খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। খবর এএফপির।
সমাবেশস্থলে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, অবরুদ্ধ করে রাখা এই প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাদের অনুমতি ছাড়া সেখান দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। পরবর্তীতে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প মন্তব্যটি নিছক কৌতুক হিসেবে করেছেন।
ট্রাম্পের এই বক্তব্যের জবাবে শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। কোনো টুইট কিংবা বক্তৃতা দিয়ে কৌশলগত এই প্রণালি দখল করা যাবে না। ইরানের নির্দেশ ছাড়া এই সমুদ্রপথ কখওি খোলা বা বন্ধ করা যাবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই বৈশ্বিক তেল ও জ্বালানি পরিবহনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরি হয়। ওয়াশিংটন সমুদ্রপথে অবরুদ্ধ করে ইরানের অর্থনীতি পঙ্গু করতে চাইছে, অন্যদিকে কৌশলগত এই নৌপথের ওপর প্রভাব বজায় রেখে শক্ত অবস্থানে রয়েছে তেহরান।

এনটিভি অনলাইন ডেস্ক