মার্কিন নিষেধাজ্ঞা ‘বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ শামিল, বলল ইরান
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে কোনো একক দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের চেয়েও ভয়াবহ উল্লেখ করে একে বিশ্বের সব সার্বভৌম সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধের ঘোষণা’ বলে অভিহিত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই বার্তা সংস্থা ফার্সের এক প্রতিবেদনে এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।
বাঘাই বলেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার ঘোষণা মূলত জাতিসংঘের সকল স্বাধীন সদস্য রাষ্ট্রের ওপর যুক্তরাষ্ট্রের সীমানাবহির্ভূত সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার একটি অপচেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, সম্পূর্ণ নিজস্ব সার্বভৌম এক্তিয়ারে পরিচালিত বিদেশি ব্যাংক, প্রতিষ্ঠান বা বিমানবন্দরগুলোকে অন্য কোনো তৃতীয় দেশের সঙ্গে বৈধ বাণিজ্য থেকে বিরত থাকতে বাধ্য করার অধিকার অন্য কোনো সরকারের নেই।
ইরানি মুখপাত্র আরও যুক্তি দেখান, এ ধরনের মাধ্যমিক নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি স্যাংশনের কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই। এগুলো জাতিসংঘের সনদের ২ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর ধারায় উল্লেখিত ‘সার্বভৌম সমতার’ মূল নীতিকে স্পষ্টভাবে লঙ্ঘন করে।
অর্থনৈতিক নিপীড়নকে আন্তর্জাতিক অপরাধ ও অন্যায় কাজ হিসেবে আখ্যা দিয়ে বাঘাই সতর্ক করেন, নিষেধাজ্ঞার পাশাপাশি নৌ অবরোধ আরোপ করার মাধ্যমে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বকে সাময়িক এবং অন্য কোনো শক্তির ইচ্ছা বা খেয়ালের ওপর নির্ভরশীল করে তোলা হচ্ছে। তিনি আরও যোগ করেন, এ ধরনের ভয়ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করলে জাতীয় সার্বভৌমত্ব সম্পূর্ণ বিলুপ্ত হবে। একই সঙ্গে বিশ্ব আবারও স্পষ্ট ও পূর্ণমাত্রার ঔপনিবেশিকতায় ফিরে যাবে।

এনটিভি অনলাইন ডেস্ক