স্বর্ণের দাম ৩ মাসের মধ্যে সর্বোচ্চ
মার্কিন ডলারের দরপতনের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সুদের হারের ভবিষ্যৎ গতিপথের পূর্বাভাস পেতে দেশটির মূল্যস্ফীতির তথ্য পেতে অপেক্ষায় রয়েছেন বিশ্ববাজারের বিনিয়োগকারীরা। খবর রয়টার্সের।
সোমবার (২৪ আগস্ট) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৬৪৯ দশমিক ০৮ ডলারে উন্নীত হয়েছে, যা ১৫ মে’র পর সর্বোচ্চ।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের বাইব্যাক সহায়তা পরিকল্পনার কারণে ডলার দুর্বল হয়ে পড়লে স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়। এতে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মার্কিন ডলারে কেনাবেচা হওয়া স্বর্ণের আকর্ষণ আরও বেড়ে যায়।
অ্যাক্টিভট্রেডস-এর সিনিয়র অ্যানালিস্ট রিকার্ডো ইভানজেলিস্তা জানান, স্বর্ণের দাম চার হাজার ৬০০ ডলারের ওপরে যাওয়া এবং আরও বাড়ার সম্ভাবনা মূলত মার্কিন ডলারের ওপর তৈরি হওয়া চাপ এবং ট্রেজারি ইয়েল্ড স্থিতিশীল থাকা বা আরও কমার ওপর নির্ভর করছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৩৬ শতাংশ এবং অপরিবর্তিত থাকার সম্ভাবনা ৬৪ শতাংশ বলে মনে করছেন ব্যবসায়ীরা।
উল্লেখ্য, স্বর্ণকে মূল্যস্ফীতির বিপরীতে সুরক্ষিত সম্পদ ধরা হলেও সুদের হার বেশি থাকলে এর আকর্ষণ কিছুটা কমে যায়।
অন্যদিকে ভূরাজনৈতিক উত্তেজনার পারদ চড়িয়ে যুক্তরাষ্ট্র ইরান ও তাদের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে এ যাবৎকালের সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।
অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার বা রূপার দাম প্রতি আউঞ্জে ৬৮ দশমিক ৯৩ ডলারে স্থির রয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে এক হাজার ৮৮০ দশমিক ১৭ ডলার হলেও প্যালেডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে এক হাজার ৩৪৪ দশমিক ৩৫ ডলারে নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক