ভূমিধসে সৃষ্ট হ্রদ থেকে ভয়াবহ বন্যার আশঙ্কা, সতর্ক করল চীন
চীন-নেপাল সীমান্তে ভূমিধসে সৃষ্ট একটি হ্রদ যেকোনো সময় উপচে পড়ে নিচের দিকে বন্যার পানি প্রবাহিত হওয়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে বলে সতর্ক করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পানিসম্পদ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপির।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, আগামী তিন দিন পানির স্তর বাড়তে পারে এবং ১ সেপ্টেম্বরের দিকে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
বুধবার তিব্বতের সীমান্তবর্তী গিরং এলাকায় কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত আঘাত হানার পর ওই হ্রদের সৃষ্টি হয়। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার রাতে পানিসম্পদ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে হ্রদটিতে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে। এতে হ্রদের বাঁধ ভেঙে নিচের দিকে বন্যার পানি নেমে যাওয়ার ঝুঁকি বাড়বে। এর ফলে গিরং বন্দরসহ নিচের দিকে অবস্থিত বিভিন্ন এলাকায় আরও ক্ষয়ক্ষতি হতে পারে।
আগামী তিন দিন ওই এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
সিসিটিভি জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত দুর্গত এলাকা থেকে ৪৯৯ জন স্থানীয় বাসিন্দা এবং ৫৫৫ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পর্যটকরা কোন কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)