নিউইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভ, ভারতের পতাকা ছিঁড়ল খালিস্তানপন্থীরা
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শগত মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সফরকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে ভারতের পতাকা পায়ে বেঁধে অবমাননার ঘটনাও ঘটেছে। এমনকি একপর্যায়ে পতাকা টেনে ছিঁড়ে ফেলেছেন খালিস্তানপন্থীরা।
গতকাল শনিবার (৩০ আগস্ট) নিউইয়র্কের বিশ্বখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে মোহন ভাগবত প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
ভবনটির বাইরে এবং শহরজুড়ে মানবাধিকার সংগঠন, মুসলিম, শিখ, খ্রিষ্টান ও দলিত সম্প্রদায়ের শত শত প্রতিনিধি সমবেত হয়ে আরএসএসকে চরমপন্থা ও হিন্দুত্ববাদী হিংস্রতার মূল উসকানিদাতা হিসেবে আখ্যা দিয়ে স্লোগান ও প্রতিবাদ সমাবেশ শুরু করেন।
আরএসএসের প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য—এই তিন দেশে সফর করছেন প্রতিষ্ঠানটির শীর্ষ নেতা ভাগবত। তবে তিনি যুক্তরাষ্ট্রে পা রাখার পরই এই সফর বাতিল ও তাকে প্রতিহত করার তীব্র দাবি ওঠে।
এর আগে আরএসএসের প্রধান সহযোগী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলকে উগ্র ধর্মীয় সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল সিআইএ। মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন ওয়াশিংটন প্রশাসনের কাছে ভাগবতের ভিসা বাতিল এবং ভারতে সংখ্যালঘু নির্যাতনের অপরাধে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার জোর সুপারিশ জানায়।
কমিশন জানায়, ভারতে সহনশীলতা বিনষ্ট করা ও ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করার ক্ষেত্রে বহু বছর ধরে জড়িয়ে আছে আরএসএস।
ভারতের কলকাতার একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানায়, শনিবার সন্ধ্যায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে উত্তেজনা ছড়ায়। ভেতরে মোহন ভাগবত ভাষণ দিচ্ছিলেন। ঠিক তখনই বাইরে একদল খালিস্তানপন্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন এবং তা পায়ে বেঁধে অবমাননা করেন।
প্রতিবেদনে বলা হয়, আমেরিকান পুলিশের চোখের সামনেই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ছবি থেকে স্পষ্ট, বিক্ষোভকারীরা ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন। কেউ কেউ পতাকার ওপর পা রাখছিলেন, কেউ ছিঁড়ছিলেন। পাশেই ভারতীয় প্রবাসীরা জোরালো প্রতিবাদ জানান। তাঁরা বিক্ষোভকারীদের পাকিস্তানি এজেন্ট বলে অভিযুক্ত করেন এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তোলেন।

এনটিভি অনলাইন ডেস্ক