সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটের সদর দপ্তর হবে রিয়াদে
ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বাস্তবায়নে সৌদি আরবে স্থায়ী দপ্তর প্রতিষ্ঠার বিষয়ে যৌথভাবে সম্মত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সচিবালয়টি গঠনের শুরুর দিকে প্রথম তিন বছরের জন্য পাকিস্তানি বংশোদ্ভূত এক কর্মকর্তা মহাসচিবের দায়িত্ব পালন করবেন। খবর রয়টার্সের।
সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে তিন দেশের পররাষ্ট্র, প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উচ্চপর্যায়ের বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।
যৌথ বিবৃতিতে জানানো হয়, তিন দেশ তাদের সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক বাহিনীর মধ্যে ঐক্য আরও বৃদ্ধি এবং সুদৃঢ় করতে একযোগে কাজ করবে। এর মধ্যে যৌথ প্রযুক্তি উন্নয়ন, সামরিক উৎপাদন বৃদ্ধি এবং কৌশলগত সামরিক মহড়ার বিষয়টি গুরুত্ব পাবে।
চলতি ২০২৬ সালের আগস্টের প্রথম সপ্তাহে স্বাক্ষরিত এই ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ প্রধান লক্ষ্য হলো যেকোনো বাহ্যিক আক্রমণ রোধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিটির মূল শর্তানুযায়ী, তিনটি দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ চালানো হলে তা অপর বাকি দেশগুলোর ওপরেও হামলা হিসেবে গণ্য করা হবে।

এনটিভি অনলাইন ডেস্ক