সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রকে আহ্বান ইরানের
যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির শর্তাবলিতে ফিরে আসতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এর জন্য ওয়াশিংটনকেও একই পদক্ষেপ নিতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
প্রায় এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে গোলাগুলির ঘটনার পরদিন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই মন্তব্য করেন। সম্প্রতি লারাক দ্বীপে মার্কিন বাহিনীর হামলার জবাবে জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত দুটি বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে পেজেশকিয়ান বলেন, আমি স্পষ্টভাবে বলছি- যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের অধীনে তার প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানও অবিলম্বে তার প্রতিদান দেবে।
উল্লেখ্য, জুনের মাঝামাঝি সময়ে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে, যা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পথ উন্মোচন করে। এর মাধ্যমে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ শেষ করার লক্ষ্যে ৬০ দিনের একটি আলোচনার সূচনা হয়েছিল।
এমওইউ-এর শর্তানুযায়ী, ইরান ওই সময়কালে হরমুজ প্রণালি মাইনমুক্ত করতে ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল, ইরানের তেল রপ্তানিতে ছাড় দেওয়া ও একটি পুনর্গঠন প্যাকেজের কাজ শুরু করতে রাজি হয়।
তবে কয়েক সপ্তাহের মধ্যেই চুক্তির শর্তাবলি বিঘ্নিত হয়। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমণ এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে গত মাসে ওই সমঝোতা স্মারকটির মেয়াদ শেষ হয়ে যায়।
পেজেশকিয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বাক্ষরিত দলিলে দেশটির প্রতিশ্রুতি দুই সপ্তাহেরও কম সময় স্থায়ী ছিল। এরপরই তাদের অতিরিক্ত দাবি ও প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত সরাসরি লঙ্ঘন করেছে।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মঙ্গলবার জানান, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ অবসানে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ‘আন্তরিক বাস্তবায়নই’ বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ।
অন্যদিকে, দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই অঞ্চলে নতুন করে উত্তেজনার পুনরাবৃত্তি কোনো পক্ষ বা রাষ্ট্রের স্বার্থে আসবে না।

এনটিভি অনলাইন ডেস্ক