দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিধ্বংসী আক্রমণের শিকার হলেও দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুশতাই। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণই এই যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ ঠিক করবে বলে মনে করছেন তিনি।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত বিশ্লেষণে এসব তথ্য জানানো হয়।
প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুশতাই জানান, সামরিক দিক থেকে অন্তত দীর্ঘমেয়াদী এক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইরান। আমেরিকানদের কাছ থেকে বেশ কিছু ভারী আঘাত পেলেও তারা কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পুরোপুরি ছিটকে যায়নি। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালানোর মতো সক্ষমতা এখনও তাদের রয়েছে।
যুক্তরাষ্ট্রের অবস্থা তুলে ধরে পুশতাই বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে এটি সামরিক সক্ষমতার ঘাটতি সংক্রান্ত কোনো বিষয় নয়। বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ার যে তথ্য দেওয়া হচ্ছে, বাস্তবতা হয়তো ততটা সংকটজনক নয়।
এই বিশ্লেষক আরও বলেন, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মূলত একটি রাজনৈতিক সমস্যা। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম ইলেকশন) যদি মার্কিন কংগ্রেস ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে যায়, তার অর্থ এই নয় যে যুদ্ধ থেমে যাবে। বরং এর মানে হতে পারে যে আমেরিকানরা সামরিক শক্তির ব্যবহার কিছুটা কমিয়ে অর্থনৈতিক কৌশল ও অবরোধের ওপর আরও বেশি জোর দেবে। আর তাদের নৌ-অবরোধ তো অবশ্যই অব্যাহত থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক