সুদের হার বৃদ্ধির সম্ভাবনায় কমল স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান সম্পর্কিত তথ্য প্রকাশের পর চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। খবর রয়টার্সের।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২১ দশমিক ০৪ ডলারে নেমে আসে। এ দিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটির দিন হওয়ায় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তুলনামূলক কম।
স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে হ্যানসেন জানান, শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর বন্ডের মুনাফা বা ইল্ড বেড়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর ফেডের সুদের হার বৃদ্ধির প্রত্যাশা জোরালো হওয়ায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির উল্টো পথে হেঁটে স্বর্ণ ও রূপার দরপতন অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রে আগস্ট মাসে কর্মসংস্থান বাড়ায় ও বেকারত্বের হার চার দশমিক এক শতাংশে স্থির থাকায় আগামী সপ্তাহে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ফেড’ সুদের হার বাড়াতে পারে- এমন সম্ভাবনা ৫৮ শতাংশে পৌঁছেছে। চলতি সপ্তাহেই দেশটির উৎপাদক ও ভোক্তা মূল্যসূচকের নতুন তথ্য প্রকাশ করা হবে।
এদিকে মধ্যপ্রাচ্যে জাহাজে হামলা, পারস্য উপসাগরে ইরানের নতুন কড়াকড়ি ও হরমুজ প্রণালির নতুন নৌ-পথ ঘোষণার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণত মূল্যস্ফীতি থেকে বাঁচতে মানুষ স্বর্ণে বিনিয়োগ করলেও সুদের হার বেশি থাকলে স্বর্ণে বিনিয়োগের আগ্রহ কমে যায়।
এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ফেড সুদের হার না কমালে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে, তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর মধ্যে রূপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ০৬ ডলারে নেমেছে। তবে প্ল্যাটিনামের দাম বেড়ে এক হাজার ৮২৫ দশমিক ২১ ডলার ও প্যালাডিয়ামের দাম বেড়ে এক হাজার ৪০১ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক