স্বর্ণের দামে আবারও বড় পতন
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও বড় পতন ঘটেছে। তেলের মূল্য বৃদ্ধি ও মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড (আয়) বাড়ার পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতির আশঙ্কায় বাজারের ওপর এই মন্দা প্রভাব পড়েছে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৬১ দশমিক ৭৯ ডলারে নেমে আসে, যা গত ১৭ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। এর আগে গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছিল।
ক্যাপিটাল ইকনোমিক্সের জলবায়ু ও পণ্য-বাজার বিষয়ক অর্থনীতিবিদ হামাদ হোসেন জানান, ইরানের সংঘাতের কোনো চূড়ান্ত সমাধানের লক্ষণ না থাকায় তেলের দাম ও মার্কিন ট্রেজারি ইল্ড উচ্চ পর্যায়েই থাকতে পারে। ফলে স্বর্ণের দাম বাড়ার সুযোগ যেমন সীমিত, তেমনই দাম আরও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। মার্কিন ১০-বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করায় কোনো সুদ বা লভ্যাংশ না দেওয়া সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার ‘সুযোগ ব্যয়’ বেড়ে গেছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখন অক্টোবরে সুদের হার বৃদ্ধির ৬৯ শতাংশ সম্ভাবনা দেখছেন। স্বাভাবিকভাবে সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা লাভজনক বা সুদ প্রদানকারী খাতের দিকে ঝুঁকি ফেরান, যার ফলে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক মাস ধরে স্বর্ণের দাম প্রতি আউন্স গড়ে ৪ হাজার ২০০ ডলারের কাছাকাছি ওঠানামা করতে পারে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার বা রূপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৭৯ ডলারে ও প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৭৪৮ দশমিক ০৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৬১ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে।

এনটিভি অনলাইন ডেস্ক