ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে নদী পার হতে গিয়ে ৫ অভিবাসীর মৃত্যু
ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় কুপা নদীতে ডুবে অন্তত পাঁচজন অভিবাসীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে ক্রোয়েশিয়া পুলিশের বরাতে এই মর্মান্তিক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রবাহিত কুপা নদীতে সীমান্ত অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ এক বিবৃতিতে জানায়, সীমান্ত অতিক্রমের চেষ্টাকারী গ্রুপটিতে প্রায় ২০ জন অভিবাসী ছিলেন। নদী অতিক্রম করার সময় ডুবে যেতে দেখে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও অপর পাঁচজনের প্রাণহানি ঘটে। উদ্ধার হওয়া এবং মৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় বা জাতীয়তা প্রকাশ করেনি পুলিশ।
বিবৃতিতে আরও জানানো হয়, এই দলটির মধ্যে অন্তত ১৪ জন নদী পার হয়ে স্লোভেনিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য, বলকান অঞ্চলের এই পথটি ব্যবহার করে প্রতি বছর হাজার হাজার অবৈধ অভিবাসী ও শরণার্থী পশ্চিম ইউরোপের উন্নত দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেন। এতে ক্রোয়েশিয়া অন্যতম ট্রানজিট পথ হিসেবে ব্যবহৃত হয়।
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্সের তথ্যমতে, ২০২৫ সালে অন্তত ১২ হাজার ৫০০ জন এই পথ ব্যবহার করেছিলেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) হিসাব অনুযায়ী, ২০১৪ সাল থেকে এই রুট ব্যবহার করতে গিয়ে অন্তত ৪০০ জনেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক