সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে ফের বাড়ল স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরপতনের পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি সংক্রান্ত আগাম তথ্যের অপেক্ষায় বিনিয়োগকারীরা চোখ রাখায় বিশ্ববাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ১টা ৮ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪৩.৮৭ ডলারে পৌঁছেছে। এর আগে গতকাল সোমবার যা গত ৫ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে মার্কিন স্বর্ণের ফিউচার দর ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৫.১০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনার খবর প্রকাশ পেলেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেই কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার উচ্চ রাখার বা বাড়ানোর পরিকল্পনা করছে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্যমতে, বাজারে বর্তমানে অক্টোবরে যুক্তরাষ্ট্রের সুদের হার আরও এক দফা বাড়ানোর সম্ভাবনা ৭০.৩ শতাংশ হিসেবে দেখা হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ৫৭.৬ শতাংশ। সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সুদমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণের চেয়ে সুদের সুবিধা পাওয়া অন্যান্য খাতে বেশি ঝোঁকেন।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দাম ০.১ শতাংশ কমে আউন্স প্রতি ৬০.৯১ ডলার, প্ল্যাটিনাম ১ শতাংশ কমে ১ হাজার ৭০০.৪০ ডলার এবং প্যালাডিয়াম ০.৪ শতাংশ কমে ১ হাজার ২০৯.২৬ ডলারে নেমেছে।

এনটিভি অনলাইন ডেস্ক