সৌদিতে ধূলিঝড় ও আকস্মিক বন্যার শঙ্কা
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ একাধিক অঞ্চলে ধূলিঝড়, আকস্মিক বন্যা এবং বজ্রসহ ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সাধারণ নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া কেন্দ্র জানায়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিয়াদ প্রদেশের বিভিন্ন অঞ্চলে ধূলিময় ও প্রচণ্ড বাতাসের কারণে দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। পাশাপাশি জাজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণ ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া মদিনা, তাবুক, আল-জউফ, হাইল ও উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
এনসিএম তাদের সেপ্টেম্বর-নভেম্বর আবহাওয়া বার্তায় জানিয়েছে, চলতি অক্টোবর মাসটি সৌদি আরবের বৃষ্টিপাতের অন্যতম প্রধান সময় হতে যাচ্ছে। এ বছর শরৎকালে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, তাবুক, আল-জউফ, হাইল, কাসিম, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪০ থেকে ৭০ শতাংশের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা অনেক স্থানে শিলাবৃষ্টি ও আকস্মিক পাহাড়ি ঢলের সৃষ্টি করতে পারে।
ইতোমধ্যে দেশটির বেশ কিছু উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। আল-জউফ অঞ্চলে হালকা এবং কুরাইয়াত এলাকায় মাঝারি ধরনের বর্ষণ রেকর্ড করা হয়েছে। উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকার তুরাইফ অঞ্চলে বৃষ্টির পানিতে শুষ্ক নদী ও উপত্যকাগুলো প্রবহমান হয়ে ওঠায় প্রাকৃতিক সৌন্দর্যে নতুন রূপ ফিরে এসেছে।
পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় অধিবাসী ও ভ্রমণকারীদের নিয়মিত সরকারি আবহাওয়া বুলেটিন মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এনটিভি অনলাইন ডেস্ক