নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে বিমানবাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। বিমানে থাকা ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্যের কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) এ ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে জানানো হয়, নাইজেরীয় বিমান বাহিনীর এটিআর-৪২ মডেলের বিমানটি বেনিন সিটি থেকে রাজধানী লাগোসে নিয়মিত মিশন নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওন্দো রাজ্যের উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এবং অবিলম্বে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু দুর্ঘটনায় বিমানে থাকা কারো জীবিত না থাকার বিষয়টি নিশ্চিত করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট তিনুবু বলেন, বিমান বাহিনী প্রধান আমাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে নাইজেরীয় বিমান বাহিনীকে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
নাইজেরিয়ার বিমান পরিবহণমন্ত্রী ফেসটাস কেয়ামো জানিয়েছেন, এটি সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অন্যতম মারাত্মক বিমান দুর্ঘটনা। উপকূলীয় এলাকায় দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট উদ্ধারকারী দল ও জরুরি সেবা সংস্থাগুলো একযোগে কাজ চালিয়ে যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক