পাকিস্তান সফরে জাতিসংঘ মহাসচিব, আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র সংকট
তিন দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারসহ দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবেন।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, বিমানবন্দরে জাতিসংঘ প্রধানকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নাবিল মুনির।
মহাসচিবের সফরের আগে জাতিসংঘের একজন মুখপাত্র জানান, বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাকিস্তানের ‘কূটনৈতিক ও মধ্যস্থতা প্রচেষ্টা’ গুরুত্ব পাবে।
জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এই সফর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা প্রক্রিয়ায় ইসলামাবাদের ‘গঠনমূলক ভূমিকা ও সহায়তার’ বিষয়গুলো পর্যালোচনার বড় একটি সুযোগ সৃষ্টি করবে। এ সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতার পাশাপাশি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন সংকট নিয়েও উচ্চপর্যায়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক