ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন মেহরাদ আখলাঘি
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহরাদ আখলাঘি কেতাবচিকে মনোনীত করা হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এই পদে চূড়ান্ত অনুমোদনের জন্য পার্লামেন্টে প্রস্তাব পাঠিয়েছেন।
আজ সোমবার (৫ অক্টোবর) প্রেসিডেন্টের সংসদ বিষয়ক উপমন্ত্রীর উপদেষ্টা সাসান ওয়ালিজাদে বিষয়টি নিশ্চিত করেন। খবর মেহের নিউজ এজেন্সির।
সাসান ওয়ালিজাদে জানান, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট পেজেশকিয়ান আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব অনুমোদন ও পার্লামেন্টে পেশ করেছেন।
মেহরাদ আখলাঘি দীর্ঘদিন ধরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দেশটির প্রতিরক্ষা উৎপাদনে গুরুত্বপূর্ণ সংস্থা ‘অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের’ প্রধান হিসেবেও দায়িত্ব সামলেছেন।
ইরানের পার্লামেন্টের সংশ্লিষ্ট কমিটিগুলোতে তার কর্মপরিকল্পনা পর্যালোচনার পর আস্থা ভোট অনুষ্ঠিত হবে। পার্লামেন্টের অনুমোদন পেলে তিনি প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদের স্থলাভিষিক্ত হবেন।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে প্রাণ হারানোর পর থেকে ইরানের প্রতিরক্ষামন্ত্রীর পদটি খালি ছিল।

এনটিভি অনলাইন ডেস্ক