দিল্লিতে রাহুল গান্ধীসহ আটক বিরোধী নেতারা
ভারতের নির্বাচন কমিশনে বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের কয়েকজন নেতাকে সাময়িকভাবে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৬ অক্টােবর) পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার (ইসিআই) কার্যালয়ের দিকে মিছিল বের করেন বিরোধী দলের নেতারা। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন তারা। খবর এএফপির।
মিছিলটি এগিয়ে যাওয়ার সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেন। এ সময় কয়েকজন বিরোধী নেতা সড়কে বসে পড়েন।
একপর্যায়ে রাহুল গান্ধী একটি পুলিশ ব্যারিকেডের ওপর দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা নাড়াতে থাকেন। পরে পুলিশ তাকে এবং আরও কয়েকজন আইনপ্রণেতাকে আটক করে। কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়।
নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত শুক্রবার (২ অক্টোবর) থেকে বিক্ষোভ শুরু করে বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিরোধী নেতারা আরও অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্বার্থে কাজ করছে নির্বাচন কমিশন।
তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কমিশনের দাবি, ভোটার তালিকার সংশোধন করা হচ্ছে তালিকার নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য। জ্ঞানেশ কুমার এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি ভোটার তালিকায় কারচুপির অভিযোগও তুলে ধরা হয়।
ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের বিরুদ্ধে বিরোধীদের চলমান বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে গত সেপ্টেম্বরে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনের পর। ওই প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা সংশোধনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন কমিশনের তিন সদস্যের মধ্যে দুজন অন্তত ১৪ বার আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছিলেন।
প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, ২০২৫ সালে ভোটার তালিকা সংশোধনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ১৩ কোটি নাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন অনিয়মের কথা অস্বীকার করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক