২০২৭ সালের রমজান শুরু কবে, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১২১ দিন বাকি আছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। খবর গালফ নিউজের।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।
আল খালিক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দৃশ্যমান হতে পারে। এর ফলে সোমবার (১২ অক্টোবর) ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নতুন চন্দ্রবর্ষ গণনার হিসাব অনুযায়ী রমজান শুরুর আর মাত্র চার মাস বাকি থাকছে।
জ্যোতির্বিজ্ঞানগত হিসাব অনুযায়ী, রমজান মাসটি ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সেই হিসেবে আগামী বছরের ৯ বা ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত তারিখ সবসময়ই সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সরকারি ঘোষণার ওপর নির্ভরশীল।
এদিকে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পক্ষ থেকেও এ বিষয়ে কিছুটা ভিন্ন মূল্যায়ন তুলে ধরা হয়েছে। কেন্দ্রটির মতে, উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি কৌশল ছাড়া খালি চোখে বা প্রচলিত টেলিস্কোপে রোববার সূর্যাস্তের পর প্রথম চাঁদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে যেসব দেশ খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে, তাদের ক্ষেত্রে জমাদিউল আউয়াল মাসটি মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকেও শুরু হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক