যুক্তরাষ্ট্রের হুমকিতে ‘ভীত নয়’ ইরান : পেজেশকিয়ান
ইরানের জনগণ শত্রুর কোনো হুমকির তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের তীব্র অর্থনৈতিক চাপ ও চলমান উত্তেজনার মধ্যেই তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তেহরান কোনো হুমকির মুখে নতি স্বীকার করবে না। খবর আল জাজিরার।
তেহরানে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল এক্সিবিশন অব রুরাল অ্যান্ড নোমাডিক ক্যাপাবিলিটিজ’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, যতদিন ইরানিরা জীবিত থাকবে, ততদিন তারা আমাদের বীর ইরানের গর্বিত জনগণের সেবক হিসেবে কাজ করে যাবে।
ওয়াশিংটনের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান পুনর্ব্যক্ত করেছে যে, যুদ্ধ সমাপ্তির শর্তাবলির ক্ষেত্রে তারা কোনো আপস করবে না।
উল্লেখ্য, গত মাসে জমা দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবে ইরান বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছিল। এর মধ্যে ছিল আঞ্চলিক যুদ্ধবিরতি ঘোষণা, আটকে থাকা ইরানি সম্পদ মুক্তকরণ, ইরানি তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মার্কিন নৌ অবরোধের অবসান।
এসব শর্ত পূরণ হলে এর বিনিময়ে মাত্র সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এনটিভি অনলাইন ডেস্ক