ব্রাজিলে ভোট : আবারও লুলা সিলভা নাকি বলসোনারো যুগ?
আজ রোববার (২৫ অক্টোবর) ব্রাজিলের নাগরিকরা তাদের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন স্পষ্ট দুটি পছন্দের মুখোমুখি হয়ে। এর একটি হলো- হয় বর্ষীয়ান বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার অধীনে আরও চার বছর কাটানো, আর অন্যটি হলো- সিনেটর ফ্লাভিও বলসোনারোর নেতৃত্বে ডানপন্থায় প্রত্যাবর্তন।
আগামী সপ্তাহে ৮১ বছরে পা দিতে যাওয়া ক্ষমতাসীন লুলা সিলভার জন্য এটি চূড়ান্ত নির্বাচনি লড়াই। এ মাসের শুরুতে প্রথম দফার নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারোর চেয়ে কম ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থানের পর, তিনি রান-অফে এক নাটকীয় প্রত্যাবর্তনের আশা করছেন।
সর্বশেষ জনমত সমীক্ষায় দেখা গেছে, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। খবর বার্তা সংস্থা এএফপির।
রোববারের এই রান-অফ নির্বাচনই নির্ধারণ করবে ব্রাজিল লাতিন আমেরিকার অল্প কয়েকটি বামপন্থি দেশের একটি হয়ে থাকবে, নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত ডানপন্থার দিকে আঞ্চলিক ধারার প্রবাহে যোগ দেবে—যদিও ট্রাম্প বলসোনারোকে প্রকাশ্যে সমর্থন করেননি।
ধারাবাহিক না হলেও চতুর্থ মেয়াদের জয়প্রার্থী লুলা সিলভা নিজেকে মার্কিন রাজনৈতিক হস্তক্ষেপ ও গণতান্ত্রিক পিছটানের বিরুদ্ধে এক রক্ষাকবচ হিসেবে উপস্থাপন করেছেন এবং সামাজিক সুরক্ষা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে ৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সরকারি খরচ কমানোর অঙ্গীকার করেছেন। একই সঙ্গে ব্রাজিলের শাসনভার ‘প্রভু যীশু খ্রীষ্টের’ হাতে সোপর্দ করার বার্তা দিয়ে তিনি এমন ব্রাজিলীয়দের মন জয় করেছেন যারা নতুন ধরনের পরিবর্তনের খোঁজ করছিলেন।
ফ্লাভিও বলসোনারো নিজেকে তার কট্টরপন্থি বাবার চেয়ে কিছুটা মধ্যপন্থি হিসেবে উপস্থাপন করেছেন। তার বাবা জাইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থানের চেষ্টার দায়ে বর্তমানে গৃহবন্দি অবস্থায় ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
ফ্লাভিও বলসোনারো প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে জাইর বলসোনারোকে মুক্ত করা। জাইর বলসোনারো ব্রাজিলে এক চরম বিতর্কিত ব্যক্তিত্ব, যার প্রভাব তার বড় ছেলের নির্বাচনি প্রচারণায় স্পষ্ট ছিল।
প্রথম ধাপে পরাজয়ের পর, বামপন্থিরা ‘বলসোনারো আর কখনো নয়’ স্লোগানকে সামনে ধরে বিশাল সমাবেশের মাধ্যমে রাজপথে নেমে আসে। সেখানে আন্দোলনকারীরা কোভিড মহামারি পরিচালনায় সাবেক প্রেসিডেন্টের বিশৃঙ্খলা, আমাজন বনভূমির ধ্বংস এবং সরকারি কর্মসূচিতে কাটছাঁটের কথা তুলে ধরেন। লুলার অধীনে বিশ্বের বৃহত্তম এই রেইনফরেস্টে বননিধন বিগত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
তবে এল নিনো আবহাওয়ার প্রভাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমাজনের শহরগুলোকে ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলা অগ্নিকাণ্ড ঘটার পরও জলবায়ু পরিবর্তনের বিষয়টি এই প্রচারণায় তেমন জায়গা পায়নি।
স্থানীয় সময় বিকেল ৫টায় (গ্রিনিচ মান সময় রাত ৮টা) কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শেষ হবে এবং কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ জনগণ
কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সমাজকল্যাণমূলক কর্মসূচির জন্য শ্রদ্ধেয় লুলা সিলভা, বিশাল এক দুর্নীতি কেলেঙ্কারিতে ১৮ মাসেরও বেশি সময় কারাদণ্ড ভোগ করার পর ২০২২ সালের নির্বাচনে রাজনীতিতে এক নাটকীয় প্রত্যাবর্তন ঘটান।
পদ্ধতিগত ত্রুটির কারণে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বাতিল হলেও তা এখনও তার পিছু ছাড়েনি।
তার তৃতীয় মেয়াদে তিনি মূল্যস্ফীতি ও বেকারত্ব হ্রাস করেছেন এবং লাখ লাখ মানুষকে ক্ষুধা থেকে মুক্ত করেছেন, তবে ভোটাররা এখনো জীবনযাত্রার ব্যয় এবং নিরাপত্তাহীনতার অনুভূতি নিয়ে অভিযোগ করছেন।
নির্বাচনি প্রচারণার সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করায় লুলা সিলভার বিখ্যাত নীতিগুলো উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। বিরোধীরা চান সরকার যেন অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করে।
নির্বাচনের পরের দিনগুলো কেমন হবে
প্রথম ধাপের ধাক্কার পর, লুলা সিলভা তার সামাজিক যোগাযোগ মাধ্যম কৌশল পুরো বদলে ফেলেন—ভিডিও সেলফি দেওয়া শুরু করেন এবং এমনকি প্রথমবারের মতো নিজের জন্য একটি মোবাইল ফোনও কেনেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তীব্র লড়াই টানটান উত্তেজনায় পৌঁছে যখন মেটা (হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাদার কোম্পানি)-কে কেন্দ্র করে বিতর্ক দেখা দেয়। লুলা সিলভার প্রচারণা শিবির মেটার বিরুদ্ধে অভিযোগ তোলে যে তারা অ্যালগোরিদমিক কারসাজির মাধ্যমে তার প্রতিদ্বন্দ্বীকে সুবিধা দিচ্ছে।
মেটা এই অভিযোগ অস্বীকার করলেও স্বীকার করেছে যে, কারিগরি ত্রুটির কারণে লুলা সিলভার কিছু নির্বাচনি বিজ্ঞাপন দুর্ঘটনাবশত নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল।
তবে এই নির্বাচনে লুলা সিলভা বা ভলসোনারো যিনিই জয়ী হোন না কেন, ব্রাজিল এক কঠিন নির্বাচন-পরবর্তী পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক