মার্কিন নির্বাচনে ৪৪ কোটি ডলার ঢেলেও বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ে ক্ষতির মুখে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনকূপ ও টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। সমর্থিত প্রার্থীদের জয়ী করতে নির্বাচনি প্রচারণায় শত শত মিলিয়ন ডলার ঢেলেও ফলাফল তার অনুকূলে আসেনি।
রেকর্ড পরিমাণ অনুদান সত্ত্বেও নির্বাচনে কোনো একক অ-প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৪৪ কোটি ৬০ লাখ (৪৪৬ মিলিয়ন) ডলার খরচ করেছেন মাস্ক, যার মধ্যে কেবল টেক্সাস কেন্দ্রিক প্রচারণাতেই ২০০ মিলিয়নের বেশি ব্যয় করেন তিনি। তবে টেক্সাস সিনেট দৌড়ে কেন প্যাক্সটন এবং ওহাইওর গভর্নরের পদে বিবেক রামাস্বামীসহ তার সমর্থিত অধিকাংশ প্রার্থীরাই বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। খবর পলিটিকোর।
বিশেষ করে টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিজোসার কাছে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বর্তমান গভর্নর গ্রেগ অ্যাবটের পরাজয়ের পর টেক্সাস জুড়ে মাস্কের বিশাল ডাটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। এর আগে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ডাটা সেন্টারের বিরুদ্ধে জনরোষ থাকলেও টেক্সাসকেনিরাপদ ‘এআই কেন্দ্র’ মনে করা হতো। ডেমোক্র্যাটদের জয়ের পর যা পুরোপুরি বদলে গেছে।
ফলাফল প্রকাশের পর বুধবার (৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রোল ও হাস্যরসাত্মক পোস্ট করে মাস্ক লেখেন, মহাকাশে ডাটা সেন্টার বানানোর ধারণাটাই এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। মনে হচ্ছে এবার আমার নির্বাচনকে প্রভাবিত করা স্পেস লেজারগুলো ঠিকমতো কাজ করেনি।
এদিকে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে জয়ী হওয়ায় ইলন মাস্কসহ সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রধানদের এখন আইনপ্রণেতাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হতে পারে। ডেমোক্র্যাটিক প্রতিনিধি গ্রেগ ক্যাসার স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, জনগণ রিপাবলিকানদের প্রত্যাখ্যান করেছে কারণ তারা এআই বিলিয়নেয়ারদের টাকায় বিক্রি হয়েছিল। তাই ডেমোক্র্যাটদের উচিত হবে তাদের কাছ থেকে চাঁদা না নিয়ে এবার কঠোর জবাবদিহিতার আওতায় আনা।

এনটিভি অনলাইন ডেস্ক