কাল শুরু হচ্ছে একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬। এদিন দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন এবং বাংলা একাডেমি পুরস্কার প্রদান করবেন।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার সবশেষ প্রস্তুতি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।
ছুটির দিন ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত শিশুপ্রহর থাকবে। এ বছর শিশুদের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখানে ৬৩ স্টল বসানো হয়েছে।
এ বছর মেলায় অংশ নিচ্ছে ৫৪৯ টি স্টল। এরমধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১ টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টি স্টল থাকবে। এ ছাড়া উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশে লিটলম্যাগ চত্বরে ৮৭ স্টল থাকবে।
এ বছর মেলায় চারটি প্রবেশপথ থাকবে। রমজান উপলক্ষ্যে তারাবির ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া উদ্যানের আশেপাশের সড়কে আলো বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
এ বছর বই বিক্রি হবে ২৫ শতাংশ ছাড়ে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। বইমেলা পলিথিন এবং ধূমপানমুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
২০২৬ সালের বইমেলা ডিসেম্বরের ১৭ তারিখ থেকে জানুয়ারির ১৭ তারিখ আয়োজন করার ঘোষণা দিলে প্রকাশক ও লেখকদের প্রতিবাদের মুখে তা প্রত্যাহার করা হয়। পরে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা থাকলেও তা পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি নেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক