বইমেলায় মাহতাব হোসেন, সঙ্গে ‘এলইডির শহর’
নিয়মিত গল্প ও উপন্যাস লিখে যাচ্ছেন কথাসাহিত্যিক মাহতাব হোসেন। তাঁর লেখা বই আকারে প্রকাশের পাশাপাশি অডিও বুক হিসেবেও পাঠকের কাছে পৌঁছাচ্ছে। এবারের অমর একুশে বইমেলায়ও নতুন বই নিয়ে হাজির হয়েছেন এই তরুণ লেখক। তবে এবার উপন্যাস নয়, ১০টি গল্পের সমন্বয়ে প্রকাশ হয়েছে তাঁর নতুন গ্রন্থ ‘এলইডির শহর’।
সময়ের সঙ্গে যেমন বদলায় সম্পর্ক, তেমনি বদলায় সভ্যতার রূপ। নিয়ন আর সোডিয়ামের আলো পেরিয়ে এখন মহানগর দখলে নিয়েছে এলইডি। সেই ঝকঝকে আলোর নিচে নতুনভাবে জন্ম নেয় প্রেম, বদলায় পরিচয়ের ভাষা, ফিরে আসে বহু আগে হারিয়ে যাওয়া কিছু স্মৃতি। অসংখ্য রাতের গল্প আর জীবনের নানা বাঁকের অভিজ্ঞতা নিয়েই সাজানো হয়েছে ‘এলইডির শহর’-এর দশটি গল্প—জানালেন লেখক।
বইটির ফ্ল্যাপে উঠে এসেছে এক সন্ধ্যার দৃশ্য—ক্রিসেন্ট লেকের ধারে বিভা আর ‘আমি’ বসে আছি। চারদিকে জ্বলে উঠেছে হলুদ বাতি, চন্দ্রিমা উদ্যান থেকে মানুষ ফিরছে ঘরে। পশ্চিম আকাশের শেষ আলো পূর্বদিকের সবুজগাছে ছড়িয়ে পড়ছে, দূরের এক মসজিদ থেকে ভেসে আসছে আজান। অন্ধকার নামার আগের সেই ক্ষণিক সময় যেন গল্পের আবহ তৈরি করে।
মাহতাব হোসেন বলেন, ‘এলইডির শহর হচ্ছে নগর জীবনের নতুন সংস্করণ। ২০২৪ সালে এই নামে একটি গল্প প্রকাশিত হয়েছিল। পরে বিভিন্ন সময়ে আরও কয়েকটি গল্প লিখেছি। উপন্যাসের চেয়ে গল্প লিখতেই আমি বেশি তৃপ্তি পাই। নিজের পছন্দের এমন দশটি গল্প নিয়েই বইটি।’
‘এলইডির শহর’ পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। পাশাপাশি রকমারি ডটকম, বইফেরী ডটকমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমেও বইটি মিলছে।

এনটিভি অনলাইন ডেস্ক