সাবেক সচিব ওয়ালিউল ইসলামের গ্রন্থ ‘একাত্তরের ইতিকথা’-র মোড়ক উন্মোচন
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত সাবেক সচিব ওয়ালিউল ইসলামের ‘একাত্তরের ইতিকথা’ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)-এর প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলা ব্রাদার্স প্রকাশিত এই বইটি লেখক তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ সম্পৃক্ততার আলোকে রচনা করেছেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধ কেবল একটি রাজনৈতিক সংগ্রাম নয়, বরং এটি মানুষের চেতনা ও জীবনবোধের পরিবর্তনের সময়। ‘একাত্তরের ইতিকথা’ গ্রন্থটি স্বাধীনতা সংগ্রামের বাস্তব অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ইতিহাসকে আরও গভীরভাবে বুঝতে সহায়তা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী বলেন, লেখকের প্রশাসনিক অভিজ্ঞতা বইটিকে আরও সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক মনে করেন, গবেষণার ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা ও সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের সমন্বয়ে রচিত এই বইগুলো অপরিহার্য। দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক চিত্র পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারী অধিকারকর্মী শিরিন পারভীন হক বইটিকে মানবিক ও সামাজিক মুক্তির লড়াই হিসেবে অভিহিত করেন। এছাড়া সাবেক সচিব মোহাম্মদ আলী এবং সিদ্দিকুর রহমান চৌধুরী লেখকের কর্মজীবন ও প্রশাসনিক অন্তর্দৃষ্টির প্রশংসা করে বলেন, বইটিতে ১৯৭১ সালের রাজনৈতিক পটপরিবর্তনের একটি জীবন্ত চিত্র ফুটে উঠেছে। এসএমসির সদস্য ডা. খায়রুল ইসলাম বলেন, এই গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে।
লেখক ওয়ালিউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বইটি তাঁর ব্যক্তিগত স্মৃতি ও সময়ের বাস্তবতার প্রতিফলন। তিনি এতে মুক্তিযুদ্ধকালীন প্রশাসনিক বাস্তবতা, রাজনৈতিক টানাপোড়েন এবং সাধারণ মানুষের সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। অনুষ্ঠানে এসএমসি ও এসএমসি ইএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা, পাঠ ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ফিচার ডেস্ক