খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, ৪ জনের বিরুদ্ধে মামলা
খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) দলগত ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী নারী।
জানা গেছে, ভুক্তভোগী স্বামী-স্ত্রী ওই গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন জোর করে তাঁদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। এরপর স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।
আজ শনিবার সকালে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, দলগত ধর্ষণের ঘটনায় চার জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আসামিরা হচ্ছেন—কামরুল, জীবন, সুমন ও আলা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারি পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর এনটিভি অনলাইনকে বলেন, ‘গণধর্ষণের শিকার ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।’

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা