সাভারে জেএমবির সদস্য সন্দেহে আটক ৫
সাভারের গেণ্ডা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির সন্দেহভাজন পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের মুতাসিম বিল্লাহ, ঢাকার নূরে আলম, নাটোরের হাবিবুর রহমান, ভোলার ইমাম হোসেন ও নিজাম উদ্দিন। তাঁদের বয়স ১৮ থেকে ২৬। পুলিশ জানিয়েছে, ইমাম হোসেন ও হাবিবুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, নাশকতার পরিকল্পনা করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে গেন্ডা এলাকার অ্যাডভোকেট মিন্টুর মালিকানাধীন আটতলা ভবনের সাততলার ফ্ল্যাট থেকে জেএমবির এই পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় ফ্ল্যাটে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ১৮টি গুলি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
ওসি আরো বলেন, জঙ্গি কার্যকলাপে জড়িতদের ধরতে অভিযান চলছে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

জাহিদুর রহমান