জয়পুরহাটে ৩ পৌরসভায় ২২ মেয়র পদপ্রার্থী
জয়পুরহাট জেলার তিনটি পৌরসভায় মেয়র পদে মোট ২২ জন, কাউন্সিলর (সাধারণ) পদে ১৪৩ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনটি পৌরসভায়ই ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদে তিনজন, দলটির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে চারজন, বিএনপির তিনজন এবং বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন দুজন।
এ ছাড়া জাতীয় পার্টির তিনজন, জাসদের একজন, জামায়াতে ইসলামীর একজন ও দলহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরো পাঁচজন।এর মধ্যে জয়পুরহাট পৌরসভায় মেয়র পদে নয়জন, আক্কেলপুর পৌরসভায় ছয়জন ও কালাই পৌরসভায় সাতজন মেয়র পদপ্রার্থী রয়েছেন।
জেলা সদরের জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপির প্রার্থী হিসেবে জেলা কমিটির সদস্য প্রার্থী অধ্যক্ষ সামছুল হক, জাসদের আমেজ উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দেওয়ান মো. বদিউজ্জামান, শহর জামায়াতের আমির হাসিবুল আলম রয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন নন্দলাল পার্শী। স্বতন্ত্র হিসেবে খন্দকার সাজ্জাদ আহমেদ ময়না ও সাজ্জাদ বিন আলীম তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই পৌরসভায় কাউন্সিল পদে ৬৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন রয়েছেন।
আক্কেলপুর পৌরসভাতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনায়েতুর রহমান আকন্দ স্বপন, বিএনপির রেজাউল করিম, বিএনপির বিদ্রোহী প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আহসানুল ইসলাম নান্নু ও আব্দুর রহিম রতন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পৌরসভায় কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ৪০ জন। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলার কালাই পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের হালিমুল আলম জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুল রহমান কাজল ও হেলাল উদ্দিন মোল্লা, বিএনপির প্রার্থী সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান, জাপার মো. আমিনুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী তাজমহল তালুকদার। এ ছাড়া ওই পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট