ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মেয়র পদপ্রার্থীর নির্বাচন বর্জন
কয়েকটি কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। এর সঙ্গে নির্বাচন বাতিলের দাবিতে শহরের বিক্ষোভ মিছিল করে তারা।
আজ রোববার দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে হাফিজুর রহমান মোল্লা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় তিনি ৪৮টি কেন্দ্রের মধ্যে ৪২টি কেন্দ্রে কারচুপি ও অনিয়মের অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি করেন ।
নির্বাচন বর্জন করা প্রার্থীরা অভিযোগ করে জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ব্যালট বইয়ে আগে থেকেই নৌকা প্রতীকে সিল মেরে রাখা হয়। এই ব্যালটই ভোটারদের সরবারহ করা হয়।সকাল থেকে মডেল গার্লস স্কুল কেন্দ্র, সূর্যমূখী স্কুল, অনন্দা স্কুল কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকরা এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রকাশ্যে সিল মারে।এ ছাড়া সকালে পুনিয়াউট কেন্দ্রে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেয়।এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।
এদিকে ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ভোটাররা।ভোটারদের অভিযোগ তাদের ভোট আগেই দেওয়া হয়েছে। নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর হাফিজুর রহমান মোল্লার সমর্থকরা প্রতিবাদ মিছিল করে।এ ছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন বাতিলের দাবিতে শহরের বিক্ষোভ মিছিল করে। এ সময় শহরের রেলগেইট, কালীবাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া